নওগাঁর ধামইরহাটে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. মেহেদী হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামইরহাট পৌরসভার চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে চকযদু (দক্ষিণপাড়া) এলাকায় মেহেদী হাসানের বসতবাড়ির সামনের একটি গ্যারেজে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত মো. মেহেদী হাসান (২৯) ধামইরহাট থানার চকযদু (দক্ষিণপাড়া) এলাকার মৃত জান্নাতুন ফেরদৌস ও মোছা. রিতা বেগমের ছেলে।পুলিশ জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।মাদক নির্মূলে ধামইরহাট থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।