লাখাইয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে লাখাই উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মোট ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৮৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৭৫ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান কর্মশালাটি সঞ্চালনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী একযোগে দায়িত্ব পালন করবে।
বক্তারা আরও বলেন, ভোটগ্রহণ কর্মকর্তাদের যথাযথ আইনি ক্ষমতা প্রদান করা হবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। সবাইকে নিজ নিজ দায়িত্ব ইমানদারির সঙ্গে পালন করার আহ্বান জানানো হয়।
নির্দেশনায় বলা হয়- পোলিং এজেন্টরা যেন অকারণে কেন্দ্রের বাইরে যেতে না পারে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটের আগের দিন নিজ নিজ কেন্দ্রে পৌঁছে অবস্থান করতে হবে, কোনো প্রকার আতিথেয়তা গ্রহণ না করে নিজস্ব শুকনো খাবার সঙ্গে রাখতে হবে।
এছাড়া কোনো কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।


























