গোবিন্দগঞ্জে আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগার গুণগত মান শীর্ষক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) “আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার ও হিমাগারের গুণগত মান” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পরিচালক প্রদীপ কুমার প্রসাদ, অতিরিক্ত সচিব (অব.) এস.ই. শুশান্ত কুমার প্রামাণিক, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আতিকুল ইসলাম এবং বগুড়া কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ তোফাজ্জল হোসেন। গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আসাদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, উন্নত জাত নির্বাচন, মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা, সুষম সেচ, রোগবালাই দমন এবং যান্ত্রিকীকরণের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে আলুর ফলন ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার—যেমন চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, স্টার্চ ও বীজ আলু উৎপাদন—কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কর্মশালায় হিমাগারের গুণগত মান বজায় রাখা, সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, সংরক্ষণকাল বৃদ্ধি, ক্ষয়ক্ষতি হ্রাস এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী কৃষক ও হিমাগার সংশ্লিষ্টরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পান।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বাড়াবে এবং আলু খাতে টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়। কর্মশালায় উত্তরাঞ্চলের ২০টি কোল্ড স্টোরেজের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


























