হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের বাড়ির ঝোপঝাড়ে নির্বিঘ্নে চলাফেরা করতে দেখা যাচ্ছে বিলুপ্ত প্রজাতির কয়েকটি সরীসৃপ প্রাণী গিরগিটিকে। জোড়ায় জোড়ায় এদের বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায় এবং মুহূর্তেই দেহের রং বদলানো এসব গিরগিটি দেখতে এবং ছবি তুলতে ভিড় জমাচ্ছে অনেকেই।
এ দৃশ্যটি দেখা যায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর এলাকার সাংবাদিক মুজাহিদ মসির বাড়ির পাশের ঝোপঝাড়ে। গিরগিটি অত্যন্ত লাজুক ও ভীরু প্রকৃতির প্রাণী হওয়ায়, তাদেরকে বিরক্ত করতে দেন না মুজাহিদ মসি। এ ছাড়াও তিনি স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী সংগঠন "পাখি প্রেমিক সোসাইটি" এর আহ্বায়ক, যারা বন্যপ্রাণীর অধিকার ও সংরক্ষণ নিয়ে কাজ করে। এ কারণে তিনি জীববৈচিত্র্যের প্রতি অত্যন্ত আন্তরিক।
মুজাহিদ মসি জানান, "বেশ কয়েকটি গিরগিটি আমাদের বাড়ির পাশে ঘুরে বেড়ায়। প্রায় সময়ই ঘরের জানালার কাছে চলে আসে। তারা আমাদেরকে নিরাপদ মনে করে। বিলুপ্ত প্রজাতির এই গিরগিটিগুলো প্রকৃতির সূচক।"
হবিগঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের জীববৈচিত্র্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান, "এগুলো রক্তচোষা প্রজাতির গিরগিটি। এগুলো ক্ষতিকারক নয়। ইংরেজিতে Forest Crested Lizard বা Emma Grays Forest Lizard নামে পরিচিত। আত্মরক্ষার প্রয়োজনে এরা শরীরের রঙ পরিবর্তন করে, বিশেষত লালচে হয়ে ওঠে, যা দেখে সাধারণ মানুষ মনে করে তারা রক্ত চুষে নিচ্ছে। প্রকৃতপক্ষে, তারা নিরীহ প্রাণী এবং রক্ত চুষে নেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই। অকারণ ভয় পেয়ে লোকেরা তাদের মেরে ফেলে। আমরা লক্ষ্য করছি, তাদের আবাসস্থল বন-বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে এশিয়ায় এই প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।"
ছবি: সাংবাদিকের বাড়ির ঝোপঝাড়ে বসবাস করা কয়েকটি বিলুপ্ত প্রজাতির গিরগিটি!