বাগেরহাট সদরে যুবদল নেতার বিরুদ্ধে মাছের ঘের দখলের অভিযোগ
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৫
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের উত্তর খানপুর এলাকায় মাছের ঘের ও ফসলি জমি দখলের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক নেতা শেখ মিজানুর রহমান রাজনের বিরুদ্ধে।
উত্তর খানপুরের মৃত শেখ মনিরুজ্জামান টিপুর স্ত্রী স্বপ্না বেগম (৫০) এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শেখ মো. নাজমূল হামান দিপু (৩৪), মো. মহেদী হাসান বাবু (৪০), শেখ জিল্লুর রহমান (৬২), শেখ মিজানুর রহমান রাজন (৩৬) সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন মিলে গত ১০ জানুয়ারি দুপুর ১টার দিকে লাঠিসোটা, লোহার রড ও রামদা নিয়ে স্বপ্না বেগমের বাড়ির দক্ষিণ পাশে একটি মাছের ঘের ও ফসলি জমিতে জোরপূর্বক প্রবেশ করেন।
স্বপ্না বেগম জানান, অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে মারধর করেন। এতে তাঁর হাতে, পায়ে, বুকে ও পিঠে গুরুতর আঘাত লাগে। এসময় অভিযুক্তরা স্বপ্না বেগমের আনুমানিক ৪২,০০০ টাকা মূল্যের ৪ আনার একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
স্বপ্না বেগম আরও বলেন, ‘‘আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা আমাদের পুরো পরিবারকে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’’
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘‘অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সঠিক বিচার দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত