ভারতে ভূমিকম্প, বাংলাদেশও অনুভূত

ভারতের মণিপুর রাজ্যে ও মিয়ানমার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলেও এর কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ৬টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০ দশমিক ৬ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ভারতের ওয়াংজিং থেকে ৫৩ কিমি পূর্বে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুসারে অনুসারে, মণিপুরে মঙ্গলবার ভোররাতে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুর-মিয়ানমার সীমান্তের কাছে কামজং এলাকায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে। এ মাত্রা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেরে প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৫টা ৩৮ মিনিটে মিয়ানমারে ৪ দশমিক ৬ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। ভোর ৫টা ৫৯ মিনিটে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরের কামজং-এ ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
এরই মধ্যে কলম্বিয়া ও ইকুয়েডরে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সেমবার (২০ এপ্রিল) জাপানের উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শনাক্ত হওয়ার একদিন পরই এই ঘটনাগুলো ঘটল।
এদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করেছেন। ফেসবুকে রুসাইব রোজা নামের একজন পোস্ট করেছেন, ‘ভূমিকম্প সকাল ৬.৩১?’ তার পোস্টে সিলেট, রাজধানী ঢাকাতেও অনুভূত হয়েছে বলে কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছে।
























