গঙ্গাচড়ায় একই দিনে তিনজনের মৃত্যু, এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য

গঙ্গাচড়া উপজেলা-এ একই দিনে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যুকে ঘিরে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এসব ঘটনা ঘটে, যা জনমনে নানা প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়েছে।
মৃতরা হলেন—গঙ্গাচড়া সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার পল্লী বিদ্যুতের লাইনম্যান আনারুল কবিরের মেয়ে শামসেয়ারা কবির (১৩), লক্ষীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী মাছুমা বেগম (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের ডিঙ্গাপাড়া এলাকার সামসুল হকের মেয়ে সুবর্ণা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসেয়ারা কবির গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে এবং অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।
অন্যদিকে, মাছুমা বেগম গত ১৩ এপ্রিল বিষপান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়।
এ ছাড়া সুবর্ণা বেগম বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজা আহম্মেদ সাজুসহ একাধিক ব্যক্তি জানান, শামসেয়ারা কবির সৎ মায়ের সঙ্গে বসবাস করতেন এবং তার মৃত্যু স্বাভাবিক নয় বলে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, একই দিনে তিনটি মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। প্রতিটি ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






















