ফ্যাসিবাদ আমলে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় আইনজীবী সমিতির ভবন ও ই-বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, আদালত হয়রানির জায়গা নয়। মানুষের আস্থার জায়গা। ই-বেইলবন্ডের মাধ্যমে জামিনে হয়রানি বন্ধ হবে। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। ফ্যাসিবাদী আমলে বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল। ফ্যাসিবাদী আমলে রাতের আধারে আদালত বসিয়ে আইনের নামে বেআইনি শাসন চালানো হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পর জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে। মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে। সময়ের দাবি, যেন আর ফ্যাসিবাদ চেপে না বসে। আইন, বিচার ও শাসন সমন্বয় করতে পারলে গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে।
এ সময় বগুড়া কোর্ট ভবন নির্মাণ খরচ বাবদ ১৫ লাখ এবং লাইব্রেরি বই কেনা বাবদ ৫ লাখ; মোট ২০ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, গার্ড অব অনার শেষে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পরবর্তীতে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে ১৮৭৬ সালে স্থাপিত বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলো।
























