খানসামায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম-২০২৬ উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলা-এ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত হালদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে ডা. শাহনিমা তরফদার বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে।”
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় খানসামা উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২২ হাজার ৬৪৭ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এদিকে, টিকাদান কার্যক্রম সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে হাম-রুবেলা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।























