কেরানীগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনে আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, “খুনি হাসিনাসহ সকল আওয়ামী দোসরদের বাংলার মাটিতেই বিচার ও শাস্তি হবে।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেলে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েও সরকার পার পায়নি। বেগম খালেদা জিয়াকে বিনা দোষে কারাবন্দী করে খাবারের সঙ্গে স্লো পয়জন দেওয়া হয়েছিল, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের স্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী হয়েও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তবে বর্তমানে তিনি বিদেশে চিকিৎসা শেষে সুস্থ আছেন।
অমান আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের কথা জানিয়েছে। মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে, তাই তারা আনন্দের সঙ্গে ধানের শীষে ভোট দেবে।
তিনি নেতাকর্মীদের দ্রুত সদস্য সংগ্রহ ও নবায়নের কাজে অংশ নিতে আহ্বান জানান। ঘরে ঘরে গিয়ে উঠান বৈঠক করারও নির্দেশ দেন। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, বিনা ভোটের এমপি-মন্ত্রীদের সংসদ থেকে এবং শেখ হাসিনাকে গণভবন থেকে বের করে দিতে হবে, বাস্তবেও সেটাই ঘটেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির টিম লিডার গোলাম মাওলা শাহীন এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























