ধামইরহাটে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আটক, জনমনে ক্ষোভ

নওগাঁর ধামইরহাট উপজেলার ন্যাশনাল পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রিতে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পাম্পের মালিক ও ম্যানেজারের যোগসাজশে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল লুট করে খোলা বাজারে বিক্রির চেষ্টার সময় সাধারণ জনতার হাতে পাচারের কাজে ব্যবহৃত একটি গাড়ি আটক হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ন্যাশনাল পেট্রোল পাম্পটির মালিক মো. তৈয়ব আলী এবং তার নিয়োগকৃত ম্যানেজার পাম্পের নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দিয়ে এবং বিভিন্ন কৌশলে তেল চুরি করে আসছিলেন। স্থানীয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে তারা গোপনে এই জ্বালানি তেল খোলা বাজারে পাচার করে আসছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিয়মিত কার্যক্রমের আড়ালে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল অবৈধভাবে পাচারের প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি ( ২২ ) এপ্রিল বুধবার সকাল সাড়ে আটটার স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে সাধারণ জনতা গাড়িটিকে আটক করে। এসময় পাম্পের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই পাম্পে সবসময়ই জ্বালানি তেল নিয়ে কারচুপি করা হয়। সরকারি মূল্যে তেল পাওয়ার কথা থাকলেও তারা অবৈধ পন্থায় তা পাচার করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন।
এ বিষয়ে অভিযুক্ত পাম্প মালিক মো. তৈয়ব আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল ধামইরহাটের এই পেট্রোল পাম্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।























