যাত্রী কল্যাণ সমিতি
যৌক্তিক হারে পরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এটা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একতরফাভাবে ভাড়া বৃদ্ধির চেষ্টা বন্ধ করতে হবে। সব স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে গণশুনানির মাধ্যমে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, ২০ টাকা বাড়িয়ে অকটেন ১৪০ টাকা এবং ১৯ টাকা বাগিয়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের আলোচনা শুরু হয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।






















