বাগেরহাটের মোংলায় অসুস্থ রোগীর উপর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অতর্কিত হামলা

বাগেরহাটের মোংলা উপজেলায় অসুস্থ এক রোগীকে হাসপাতালে নেওয়ার সময় একই পরিবারের তিন সদস্যের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে মোংলা চৌকিদারের মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সোবাহান গাজী নামে এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তার পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করে অভিযুক্তরা।
পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় তার দুই ছেলের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে দুই যুবক গুরুতর আহত হন এবং তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর স্ত্রী হাসিয়ারা বেগম বলেন, “আমার স্বামীকে মারধর করা হয়। পরে ছেলেরা হাসপাতালে নিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। আমরা এর বিচার চাই।”
মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তরা পালিয়ে গেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।























