খুলনার রুপসায় বাসের ধাক্কায় এএসআইসহ ৫ জন আহত

খুলনার রুপসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এলপিজি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—রুপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭), আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশ ওদুদ (২৮), পূজারি সুপ্রিয়া রায় (৪৫) ও মলয় রায় (৪২)। তাদের মধ্যে আনসার সদস্য তামিম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রুপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে আনসার বাহিনী ও মন্দির কমিটির সদস্যরা রুপসা নদীর দিকে যাচ্ছিলেন। এসময় খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস তাদের ধাক্কা দেয়।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করেছে।


























