চিকিৎসা থেকে নিত্যপণ্য, সবখানে অস্থিরতা, চাপে সাধারণ জনগণ

দেশের অন্যতম পর্যটননির্ভর জেলা কক্সবাজারে চিকিৎসা সেবা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, সবখানেই বিরাজ করছে অস্থিরতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।
শহরের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, রোগীদের দীর্ঘ অপেক্ষা, ডাক্তার সংকট এবং ওষুধের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। একইসঙ্গে বাজারে চাল, ডাল, তেল, সবজি ও মাছ-মাংসের দাম বেড়ে যাওয়ায় নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারগুলো।
কক্সবাজার পৌরসভার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন,“হাসপাতালে গেলে সেবা পেতে অনেক সময় লাগে, আর বাজারে গেলে দাম শুনেই মাথা ঘুরে যায়। দুই দিকেই আমরা চাপে আছি।”
গৃহিণী রাশেদা বেগম জানান, “আগে যে টাকা দিয়ে এক সপ্তাহের বাজার করতাম, এখন তিন দিনও চলে না। সংসার চালানো খুব কঠিন হয়ে গেছে।”
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা. সবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, “রোগীর চাপ অনেক বেশি, কিন্তু সেই অনুপাতে জনবল ও সরঞ্জাম বাড়েনি। আমরা চেষ্টা করছি সেবা দিতে, তবে সীমাবদ্ধতা আছে।”
শহরের কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল করিম বলেন, “আমরা নিজেরাও বেশি দামে কিনে আনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পরিবহন খরচ ও পাইকারি বাজারে দাম বাড়ায় এই অবস্থা।”
জেলা প্রশাসনের কর্মকর্তা সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আজিম খানজানান, “বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে চিকিৎসা খাতের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”
নাগরিক কমিটির সদস্য এডভোকেট রমিজ উদ্দীন মতে, একদিকে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা, অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি—এই দুইয়ের সম্মিলিত চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।






















