খানসামায় রাতের অন্ধকারে জুয়ার আসর ভাঙল অভিযান, গ্রেফতার ২

দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা হাটের পূর্ব পাশে কয়ঠার ঝাড় এলাকায় দীর্ঘদিন ধরে রাত নামলেই বসত অবৈধ জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলত ‘ডাবু’ খেলা, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছিল।
এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার-এর পরামর্শে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান।
অভিযানের সময় জুয়ার আসর চলাকালীন হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায় বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন টংগুয়া গ্রামের আসেদুল এবং সরহদ্দ গ্রামের মহসিন আলী। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।























