নীলফামারী-৪ এর নবনির্বাচিত এমপিকে সৈয়দপুর শিক্ষক সমিতির সংবর্ধনা প্রদান

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে নীলফামারী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষকরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নানাবিধ সমস্যা তুলে ধরেন। বিশেষ করে অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা, শিক্ষক সংকট, আধুনিক শিক্ষা উপকরণের অভাব, এমপিওভুক্তিকরণ, বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা এবং শিক্ষার্থীদের মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেন।
নবনির্বাচিত সংসদ সদস্য মনোযোগ দিয়ে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে সমস্যাগুলোর কার্যকর সমাধান করা হবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে সৈয়দপুরের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলবেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও আশাব্যঞ্জক।






















