স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ আসন থেকে বিএনপির প্রতিমন্ত্রী

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো পঞ্চগড়-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি শপথ নেন। স্বাধীনতার পর থেকে এ আসন থেকে বিএনপি মনোনীত কোনো সংসদ সদস্য, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। ফলে ফরহাদ হোসেন আজাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
এর আগে, এ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে মঙ্গলবার বিকেলে বোদা উপজেলা বিএনপির উদ্যোগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় এবং জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা কৃষকদলের সদস্যসচিব শাহজাহান সিরাজ বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। জনগণের সেই সমর্থনের প্রতিদান হিসেবেই দলের চেয়ারম্যান নির্বাচিত সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
জানা যায়, ফরহাদ হোসেন আজাদ বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতি থেকে তার উত্থান। তিনি রাজশাহী সরকারি কলেজ ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্বও পালন করেন।
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে পঞ্চগড়-২ আসনের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।






















