আইনগত প্রক্রিয়ায় এয়ারগানটি থানায় হস্তান্তর
শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর অভিযানে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র্যাব-৯ এর বিশেষ অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ২৩ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সুতাং বাজার এলাকার আশপাশে একটি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় থাকতে পারে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সুতাং বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। এসময় একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ থেকে অদ্যাবধি র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৬টি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৬ হাজার ৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৭৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
























