কয়রায় মানবপাচার-যৌতুক অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলায় অবৈধভাবে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, মানবপাচার ও যৌতুক দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী।
বৃহস্পতিবার সকাল ১১টায় কয়রা প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা আয়শা খাতুন এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, একই এলাকার আছাদুল ইসলামের সঙ্গে তার বিবাহ হয় এবং তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। তবে স্বামী বিদেশে অবস্থানকালীন ও দেশে এসে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিদেশে নেওয়ার কথা বলে টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।
আয়শা খাতুন আরও অভিযোগ করেন, তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তার ও তার পরিবারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন (সিআর-১৮০/২৬)।
তিনি দাবি করেন, স্বামী বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অন্য এক নারীর সঙ্গে গোপনে বিয়ে করেন। পরে ওই নারী ও তার পরিবারের সহযোগিতায় তাকে সন্তানসহ অবহেলিত অবস্থায় রেখে বিদেশে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিদেশে পাঠানোর নামে তার পরিবারের কাছ থেকে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি। এতে তিনি ও তার পরিবার আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি আরও বলেন, অভিযুক্তরা মানবপাচারসহ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করেন এবং অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার আগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।



















