জেনেভা ক্যাম্পে ১০ হাজার অপরাধী সক্রিয়: এডিসি জুয়েল রানা

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রায় ১০ হাজার অপরাধী সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। এদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদককারবারীরা রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালানোর সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় অভিযান থেকে বিপুল পরিমাণ মাদক ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জুয়েল রানা বলেন, অপরাধ নির্মূলের চেষ্টা চলছে, তবে সম্পূর্ণ নির্মূল করা একা সম্ভব নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি-এটা আপনারা দেখছেন।
তিনি জানান, জেনেভা ক্যাম্পে প্রায় ২৬ থেকে ৩০টি প্রবেশপথ রয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক দিক দিয়ে ঢুকলে অপরাধীরা অন্য দিক দিয়ে পালিয়ে যায়। আমরা এক এলাকায় অভিযান চালালে অন্য এলাকায় তারা প্রস্তুতি নেয়।























