হাম ও রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সন্মেলন

খুলনা সিটি করপোরেশনের ৩১ টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের নিচের ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে একডোজ হাম- রুবেলা টিকা প্রদানের লক্ষ্যেমাত্রা নির্ধারন করা হয়েছে। যার মধ্যে স্কুল শিশুদের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩৮৮ জন এবং কমিউনিটি শিশুর লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৪০৪ জন।
আজ ১৯ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের নগর স্বাস্থ্য ভবনের সন্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সন্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রশাসক বলেন, আমরা চাই টিকা প্রদান কার্যক্রম জনগনের কাছে পৌঁছে দিতে। ইতিমধ্যে সিটি করপোরেশন এলাকায় মাইকিং করা হচ্ছে।
মসজিদের ইমামদের সাথে নিয়ে এ ব্যাপারে বৈঠক করা হয়েছে। হাম- রুবেলা টিকা প্রদান সম্পর্কে শুক্রবার নামাজের পুর্বে খুতবায় আলোচনা করবেন। একই স্থানে প্রচারের জন্য মিডিয়ার বড় ভুমিকা রয়েছে। এই ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। খুলনার শিশুদের হাম- রুবেলা থেকে নিরাপদ রাখতে গণমাধ্যমকর্মীদের প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। প্রশাসক বলেন, কোথাও কোন দুর্বলতা সংবাদকর্মীদের নজরে আসলে খুলনা সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ করেন।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবাদ সন্মেলনে কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সহ গণমাধ্যমকর্মীরা বক্তব্যে রাখেন। হাম- রুবেলা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা: নাজমুর রহমান সজিব। সভায় জানানো হয় খুলনা সিটি করপোরেশনের ৩১ টি ওয়ার্ডে ২৫৬ টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদান কর্মী ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২ জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবে।
ছুটির দিন ব্যাতিত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। হাম- রুবেলা সংক্রমক রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচে ( পুর্বে এমআর টিকা গ্রহণ করেছে এমন শিশুসহ) সকল শিশুকে একডোজ হাম- রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।




















