আলোচনার তারিখ নির্ধারিত হয়নি, হরমুজ বন্ধ: ইরান

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ তুলে না নিলে তেহরান হরমুজ প্রণালি খুলবে না।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। সংবাদমাধ্যম আলজাজিরার এক ভিডিও প্রতিবিদেন এ খবর জানা গেছে।
সাইদ খাতিবজাদেহ বলেন, দুই পক্ষ (যুক্তরাষ্ট্র ও ইরান) একটি অভিন্ন ‘কাঠামো’ বিষয়ে সম্মত না হওয়া পর্যন্ত আলোচনা সম্ভব নয়। আলোচনায় ইরান যা কিছুই মেনে নিক না কেন, তাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের অধিকার বজায় থাকতে হবে।
তিনি আরও বলেন, দুই পক্ষই এখনও বৈঠকের পর্যায়ে পৌঁছাতে পারেনি। কারণ ওয়াশিংটন কিছু বিষয়ে চরমপন্থা অবস্থান গ্রহণ করে আছে।
তবে আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে শনিবার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (২০ এপ্রিল) এ বৈঠক সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বুধবারের (২২ এপ্রিল) মধ্যে যদি আলোচনা থেকে কোনো সুনির্দিষ্ট চুক্তি না আসে যুদ্ধবিরতির মেয়াদ আর না-ও বাড়াতে পারেন তিনি। এ ছাড়া ইরানে হামলার হুমকিও দিয়েছেন তিনি।
অবরোধের বিষয়ে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বলবৎ থাকবে। ওয়াশিংটন ইরানের ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

























