আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে মতবিনিময় অনুষ্ঠিত।
মহম্মদপুরে বিএনপি প্রার্থী ও উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা

আসন্ন পঞ্চদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর সঙ্গে মহম্মদপুর উপজেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুর বাসস্ট্যান্ডে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান (মিল্টন), সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শিপন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার (সজিব) ও সদস্য সচিব মোঃ রজব আলী সহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় নিপুণ রায় চৌধুরী বলেন, “বিএনপি সবসময় রাজপথে থেকে গণমানুষের রাজনীতি করেছে। একটি দল দীর্ঘ ১৭ বছর আত্মগোপনে থাকার পর হঠাৎ ভোটের মাঠে নেমেছে। সাধারণ মানুষ তাদের রাজনীতি প্রত্যাখ্যান করবে এবং ভোটের মাধ্যমে বয়কট করবে।”
তিনি আরও উল্লেখ করেন, “ছাত্রদলই আগামীর গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী হিসেবে ভূমিকা রাখবে।”
























