সিসিটিভি ও প্রবেশ–বাহির নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখা হয়
শাজাহানপুরে ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন সেনাবাহিনীর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল সেনা কর্মকর্তারা উপজেলার নগর জে এম কামিল মাদ্রাসা, নগর বালিকা উচ্চ বিদ্যালয়, বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজিরুন মহিলা ফাযিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থা, প্রবেশ ও বাহির নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন।
এ সময় সেনা ওয়ারেন্ট অফিসার ওয়ালিউর রহমান বলেন, “শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই নজরদারি ও তৎপরতা আরও বৃদ্ধি করা হবে।”
নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর এই তৎপরতা ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
























