গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুম ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দীন এবং জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় ১৪৯ জন প্রিজাইডিং অফিসার, ৯২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।





















