অপারেশন ডেভিল হান্ট’ মোংলায় রাতভর অভিযানে আটক ৪

বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতভর পরিচালিত এই বিশেষ অভিযানের বিষয়ে বুধবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহ্মুদ নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছে। এর অংশ হিসেবে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ অংশ নেয়।
অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—চাঁদপাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), আওয়ামী লীগ নেতা মো. ডালিম (৫২), মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন শফিকুর রহমান (৭২) এবং আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র রায় (৬৬)। তাদের কাছ থেকে ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহ্মুদ আরও জানান, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























