বিএনপির রাষ্ট্র পরিচালনার লক্ষ্য তুলে ধরেন বক্তারা
রকিবুল ইসলাম বকুলের পক্ষে খালিশপুরে বিশাল প্রচার ও লিফলেট বিতরণ

খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে খালিশপুরে বিশাল গণসংযোগ, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে হাউজিং বাজার ১, ২ ও ৭ নম্বর ক্যাম্পসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রচার কার্যক্রম শুরু হয়।
প্রচার মিছিলটি খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডের হাউজিং বাজার থেকে শুরু হয়ে কোহিনূর মোড় ও পৌরসভা মোড় প্রদক্ষিণ করে পুনরায় হাউজিং ১, ৩ ও ৭ নম্বর ক্যাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন দোকান, যানবাহন চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত খুলনা-৩ আসনের উন্নয়নে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “মা-বোন ও ভাইয়েরা যেন ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেন। এতে করে রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ১২ নম্বর ওয়ার্ডের ভোটাররা বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষে ভোট দিয়ে রকিবুল ইসলাম বকুলকে বিজয়ী করে দৃষ্টান্ত স্থাপন করবেন। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং ওয়ার্ডসহ পুরো খুলনা-৩ আসনের উন্নয়নে প্রার্থী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি দল-মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে রকিবুল ইসলাম বকুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি বিনীত আহ্বান জানান।
এর আগে রকিবুল ইসলাম বকুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ১২ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























