ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সূচি নির্ধারণ

সারা দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তপশিলি ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (৪ এপ্রিল) নতুন সময় নির্ধারণ করে পরিপত্র দিয়েছে দেশের এই কেন্দ্রীয় ব্যাংক।
পরিপত্রে জানানো হয়, রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা উপশাখা বা বুথসমূহ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগামীকাল থেকে জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও এতে জানানো হয়।
এদিকে দেশের সরকারি-বেসরকারি সব অফিসেরও নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, এখন থেকে দেশের সব শপিংমল-দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আর বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।


























