‘সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না’

সংবিধানকে বাইবেল বা গসপেল ধরে নিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ৬ আগস্ট ছাত্র-জনতার সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়াকে কারামুক্ত করা হয়। “সংবিধানকে যদি বাইবেল বা গসপেল ধরা হয়, তাহলে সেদিন তিনি মুক্তি পেতেন না,”—যোগ করেন তিনি।
সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংবিধান পরিবর্তনের কথা বলাকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে তুলনা করা অনুচিত। এ সময় ট্রেজারি বেঞ্চের প্রতিক্রিয়ারও সমালোচনা করেন তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন এবং জনতার সরকার প্রতিষ্ঠিত হলে সংবিধান পরিবর্তনের কথাও বলেছিলেন। সংবিধান পরিবর্তনের প্রশ্নে দ্বৈত মানদণ্ড গ্রহণের অভিযোগ তুলে তিনি বলেন, “যে অংশে সুবিধা, সেটাই মানা হচ্ছে; বাকি অংশ উপেক্ষা করা হচ্ছে।”
সংবিধান মানার ক্ষেত্রে ‘সুযোগসন্ধানী’ আচরণের সমালোচনা করে তিনি বলেন, কখনো সংবিধান মানা, কখনো না মানা—এ ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয়।
অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চান, সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট শুনানিতে কারা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে বর্তমান রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং এতে সব রাজনৈতিক দলের অবদান রয়েছে।
























