মতলবে লেংটার মেলা ঘিরে উদ্বেগ, বসছে শত শত গাঁজার দোকান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী ইউনিয়নের বদরপুর এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই শুরু হয়েছে ‘সোলেমান লেংটার মেলা’। মঙ্গলবার (৩১ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে ৭ দিনব্যাপী মেলা শুরুর কথা থাকলেও, ভক্তদের আগাম উপস্থিতির কারণে একদিন আগেই সোমবার (৩০ মার্চ) থেকে মেলার কার্যক্রম শুরু হয়ে যায়।
প্রতিবছরের মতো এবারও মেলাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ দিনের এই আয়োজনে প্রায় ১৫ লাখের বেশি মানুষের উপস্থিতি হতে পারে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেছেন।
তবে মেলাকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মাদক বাণিজ্য। অভিযোগ রয়েছে, পূর্বের বছরগুলোর মতো এবারও ঝুপড়ি তৈরি করে ব্যাপক হারে গাঁজার দোকান বসানো হচ্ছে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ মেলায় প্রায় দুই হাজারেরও বেশি গাঁজার দোকান বসেছে।
স্থানীয় সচেতন মহল এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, এত বড় আয়োজন হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
মেলা পরিচালনা কমিটির প্রধান লাল মিয়া দাবি করেন, “ভক্তরা নিজেদের জন্য কিছু আস্তানা তৈরি করেন, এগুলোকে মাদক বিক্রির দোকান বলা ঠিক নয়।”
অন্যদিকে, মেলাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগও উঠেছে। ইজারা ছাড়াই নদীপথে চলাচলকারী ট্রলার ও লঞ্চ থেকে যাত্রী নামানোর সময় নদীতীরবর্তী এলাকায় বাঁশের বেড়া দিয়ে অর্থ আদায়ের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একইভাবে সড়কপথে আসা যানবাহন থেকেও প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে।
এছাড়া, মেলায় জুয়ার আসর বসা, অশ্লীল নৃত্য, চুরি-ছিনতাই ও পকেটমারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও পূর্ববর্তী আইনশৃঙ্খলা সভায় এসব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাস্তবে তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে।
এদিকে, এবার এখনো পর্যন্ত উপজেলা প্রশাসনের সঙ্গে মেলা বা ওরস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক আইনশৃঙ্খলা বৈঠক হয়নি, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।





















