সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব: দাতাকে হুমকি, হাতাহাতি, বন্ধ রেজিস্ট্রি কার্যক্রম

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে প্রকাশ্য দিবালোকে দালালচক্রের তাণ্ডব, হুমকি ও হাতাহাতির ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। ঘটনাটি সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঘটে, যা সরকারি সেবা ব্যবস্থার উপর গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
অফিস সূত্রে জানা যায়, ওই সময়ে সাব-রেজিস্ট্রার জনাব অমায়িক বাবুর নিকট রেজিস্ট্রেশনের জন্য একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল দাখিল করা হয়। দলিলে পাওয়ার দাতা হিসেবে খুলনার বাসিন্দা মোকসুদার রশিদ এবং পাওয়ার গ্রহীতা হিসেবে সাতক্ষীরা সদরের এস. এম জুলফিকার আলি জিন্নাহর নাম উল্লেখ ছিল। সংশ্লিষ্ট জমিটি ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ী মৌজায় অবস্থিত, যার পরিমাণ ১৮ শতক।
দলিল দাখিলের পর নিয়ম অনুযায়ী প্রাথমিক যাচাই-বাছাই ও শুনানি চলাকালীন হঠাৎ ৭-৮ জন অপরিচিত ব্যক্তি অফিস কক্ষে প্রবেশ করে। তারা দলিলের দাতা কে লক্ষ্য করে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং একপর্যায়ে তাকে ‘ভারতীয় নাগরিক’ বলে আখ্যায়িত করে প্রকাশ্যে হুমকি দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে আহত হন অনেকে।
এ ঘটনায় অফিসে উপস্থিত সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সাব-রেজিস্ট্রার সাময়িকভাবে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ঘোষণা করে সকলকে অফিস ত্যাগের নির্দেশ দেন।
পরে ওই দুষ্কৃতকারীরা গালাগালি করতে করতে অফিস ত্যাগ করে। এসময় তারা সংশ্লিষ্ট অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি ফেলে রেখে যায়, যা পরবর্তীতে অফিস কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়।
ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সাব-রেজিস্ট্রি অফিসে নিরাপত্তা জোরদার এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সচেতন মহলের পক্ষ থেকে।



















