হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ভোররাতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে ভাঙারি মালামালের নিচে এবং গাড়ির পাটাতনের গোপন স্থানে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ঔষধ ও মেহেদী উদ্ধার করা হয়।
এদিকে পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা পালিয়ে যায়।
জব্দকৃত সকল পণ্যের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।



















