খুলনার ফুলতলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

খুলনার ফুলতলায় ৯ রাউন্ড গুলি সহ ১ টি পিস্তল, ১ টি রিভলবার ও একটি দোনলা কাটা বন্দুকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার দামোদর পুর্বপাড়া শ্মশানঘাটের পাশে ভৈরব নদীর চরের পাথরঘাট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো দামোদর কলোনী পাড়ার শেখ সেলিমের ছেলে তরিকুল ইসলাম ওরফে সুমন শেখ(২৩) এবং খানজাহানআলী থানার ফুলবাড়িগেট এলাকার নাজমুল আহমেদ চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে থানার এসআই শফিউজ্জামান এবং কনস্ট্রেবল শুভ সাদা পোশাকে নদীর পাড় দিয়ে হাটতে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একটি ব্যাগের উপর ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ৩ টি বিদেশি আগ্নেয়াস্ত্র সামনে রেখে ৪ যুবককে মাটিতে বসা দেখেই অস্ত্র সহ সুমন ও তানভীরকে ধরে ফেলেন।
এসময় বাকি দুজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ওসি মোস্তফা কামাল, ওসি তদন্ত শরিফুল ইসলাম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে আগ্নেয়াস্ত্র সহ ৪ যুবকের উপস্থিতি কোন কিলিং মিশনে যাওয়া নাকি অস্ত্রের বেচাকেনা সেটি তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আটকদের জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।



















