সুনামগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীর বাড়ীঘর ভাংচুর, লুটপাট এর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের ব্যবসায়ী আঙ্গুর মিয়া ও তার বাহিনী কর্তৃক বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যা চেষ্টা, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও বিএনপি নেতা আব্দুল মমিনসহ সালিশ ব্যক্তিদের মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর একটায় সুনামগঞ্জ শহরের মুক্তার পাড়া এলাকায় পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন’র আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার মো. রাজ্জাক মিয়া, জাবেদ মিয়া, আব্দুল কাহার, মো. তারা মিয়া প্রমুখ।
লিখিত বক্তব্যে মো. আব্দুল মমিন বলেন, ২২ মার্চ সন্ধ্যায় পাথারিয়া বাজারে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা আমার চাচাতো ভাই মোহাম্মদ আলীর উপর বর্বরোচিত হামলা ও তার বাড়িঘর ভাংচুর এবং লুটপাট করা হয়।
পাথারিয়া বাজারের ব্যবসায়ী আঙ্গুর মিয়া ও তার বাহিনী এই হামলা ও লুটপাট করে। আমার ভাই মোহাম্মদ আলী এখনও হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
হামলাকারী আঙ্গুর মিয়া আওয়ামীলীগের দোসর, সাবেক মন্ত্রী এম এ মান্নানের কাছের লোক উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আঙ্গুর মিয়া জলমহাল দখল,জোয়ার ব্যবসা,মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করে আসছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আঙ্গুর মিয়া সহ তার বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।






















