চাঁপাইনবাবগঞ্জে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু: ঈদের আনন্দ রূপ নিল শোকের ছায়ায়

ঈদের আগের দিন যখন ঘরে ঘরে চলছিল উৎসবের প্রস্তুতি, ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে যাওয়ার পথে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। এই ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রীসহ মোট চারজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোটরসাইকেলে থাকা নিহত দুই বন্ধু হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা সুইচগেইট পাড়ার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম এবং একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী। গত ২০ মার্চ রাতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম গ্রামের লিলিখিলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য নয়াগোলা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন অহিদুল ও মিনহাজ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান অপরজন।অটোরিকশায় থাকা ৭ জন যাত্রীর মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হলে পরদিন আরও দুজনের মৃত্যু হয়।
সরেজমিনে দেখা যায়, যে বাড়িতে ঈদের আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন শুধুই স্বজন হারানোর আহাজারি। সাদা কাফনে মোড়ানো দুই বন্ধুর মরদেহ যখন শেষ গোসল করিয়ে জানাজার জন্য পাশাপাশি রাখা হয়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্না আর দীর্ঘশ্বাসে ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস। উপস্থিত প্রতিবেশীরাও এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। পৃথিবীর সকল সম্পর্কের ইতি টেনে দুই বন্ধুর একই সাথে জানাজা ও শেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সচেতন মহল মনে করছেন, চলার পথে সামান্য অসাবধানতা একটি পরিবারের জন্য সারাজীবনের কান্না বয়ে আনতে পারে। উৎসবের এই সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।



















