দরজা ভেঙে ঢুকতেই মিলল মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

কুমিল্লার চান্দিনায় একই ঘর থেকে মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদার এর স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহিদুল ও ফারহানা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকে থেকে লেখাপড়া করেন। বাড়িতে শাশুড়ির সঙ্গে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোন সাড়া শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডেকে নেন।
নিহতদের প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, ‘ঘরের দরজা জানালা বন্ধ দেখে একটি জালনা ভেঙে দেখি ঘরের সিলিংয়ে শিশুটির ঝুলন্ত মরদেহ। ঘরের ভেতরে ঢুকে দেখি একইভাবে শিশুটির মায়ের ঝুলন্ত মরদেহ। পরে আমরা থানায় খবর দেই। ধারণা করা হচ্ছে শিশু মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছে মা।’
তিনি আরও বলেন, ‘তবে কি কারণে কেন এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। মুহূর্তে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতার ভিড় জমে।’
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই রুমে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কী কারণে এ ঘটনা আশা করি তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।’




















