সাদুল্লাপুরে ৩২ মাইলে ধানের শীষের পক্ষে সম্মিলিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পলাশবাড়ী–সাদুল্লাপুর উপজেলা সীমানাস্থ ‘৩২ মাইল’ এলাকায় ধানের শীষের পক্ষে এক সম্মিলিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
পলাশবাড়ী–সাদুল্লাপুর উপজেলা সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক মোজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফরিদুল হক রুবেল, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুল, সাবেক সাধারণ সম্পাদক ছামছুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে মোটর শ্রমিক, ট্রাক শ্রমিক, ইট প্রস্তুতকারী শ্রমিক, নির্মাণ শ্রমিক, নরসুন্দর শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক শ্রমিক অংশ নেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।




















