গ্রামীণ ঐতিহ্যকে প্রাণবন্ত রাখার উদ্যোগে আয়োজন
মাগুরায় ঘুল্লিয়া বার্ষিক ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে বুধবার বিকেলে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বার্ষিক ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ মেলায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, “গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের শিকড়ের পরিচয় বহন করে। এমন আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধা, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকুনুজ্জামান খান, মহম্মদপুর উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি শফিকুর ইসলাম টুকু, এবং মাগুরা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সোহেল খান। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও মেলাটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।




















