স্বাধীনতার চেতনাবিরোধী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান
দাঁড়িপাল্লার রাজনীতি স্বাধীনতার বিপক্ষে ছিল-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা বর্তমানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছেন, তারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই সময় তাদের কর্মকাণ্ডের কারণে দেশের মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছিল এবং লুটপাট ও নির্যাতনের শিকার হতে হয়েছিল।
মির্জা ফখরুল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের সার্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করা ভয় ও শঙ্কা দূর করা হবে। তিনি বলেন, “এই দেশ মুসলমানদের মতো হিন্দু সম্প্রদায়কেও সমান অধিকার দেয়। নাগরিক অধিকারে কেউ ছোট-বড় নয়।”
একাত্তরের স্মৃতিচারণ করে তিনি বলেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। “আমরা নিজেদের অধিকার আদায় করেই দেশে থাকি এবং ভবিষ্যতেও থাকব।”
হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি বলেন, ভোটের বিষয়ে যে আতঙ্ক কাজ করছে, তা ভিত্তিহীন। “ধানের শীষের মানুষ অতীতেও আপনার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে-ইনশাল্লাহ।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা মা-বোনদের জন্য সহায়তা হিসেবে কাজ করবে। এছাড়া কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গণসংযোগের শেষ পর্যায়ে মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


























