খালেদা জিয়াকে ‘এশিয়ার নেলসন ম্যান্ডেলা’ আখ্যা
খুলনায় বিএনপির নাগরিক সভা: খালেদা জিয়ার পথে দেশ গড়বেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে “এশিয়ার নেলসন ম্যান্ডেলা” হিসেবে অভিহিত করে বিএনপি নেতারা বলেছেন, আপোষহীন রাজনীতির যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, সেই পথ ধরেই দেশ ও দল পরিচালনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, “৪১ বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে আপোষহীন দেশনেত্রীতে পরিণত হয়েছেন। তার সংগ্রাম ও ত্যাগের ইতিহাস পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরল।”
তিনি বলেন, জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার জীবন ও রাজনীতি শুধু আলোচনার নয়, গবেষণার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরে নজরুল ইসলাম মঞ্জু বলেন,
“গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, এক সন্তানকে বিদেশে রেখেও দেশের মানুষের ভোটাধিকার প্রশ্নে কখনো আপোষ করেননি।”
তিনি আরও বলেন, এরশাদ শাসনামলে বিএনপিকে সংগঠিত করা এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জুলাই বিপ্লব ও দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে, যার বড় দাবিদার বেগম খালেদা জিয়া। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, “বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই, যেখানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া হচ্ছে না। তিনি এখন আর শুধু বিএনপির নন, পুরো জাতির সম্পদ।”
তিনি বেগম জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাড়াও তার শাসনামলে বয়স্ক ভাতা, মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি ছিল যুগান্তকারী উদ্যোগ।
আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রথম ১০০ দিনের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। “ফ্যামিলি কার্ড” চালুর মাধ্যমে ৫০ লাখ পরিবারকে সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
নাগরিক সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। আরও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ড্যাব সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম ও খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক।
শোকসভা সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভা শেষে বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





















