কেসিসির উদ্যোগে জিআইজেড মিলনায়তনে আয়োজন
খুলনায় নবযোগদানকৃত প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন

খুলনা বিভাগে সদ্য যোগদানকৃত ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নবনিযুক্ত (শিক্ষানবিশ) সহকারী কমিশনারদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। খুলনা সিটি করপোরেশনের গঠন, কার্যাবলী ও প্রশাসনিক সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে নবনিযুক্ত কর্মকর্তাদের ধারণা দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। তিনি নবযোগদানকৃত কর্মকর্তাদের নগর ভবনে স্বাগত জানিয়ে কেসিসির বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম তুলে ধরেন। স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানকে খুলনা মহানগরীর উন্নয়ন সেবার অন্যতম প্রধান সংস্থা হিসেবে উল্লেখ করে তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগের জন্য নতুন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন, মোহাম্মাদ আব্দুল হাই, সোনিয়া চৌধুরী ও নির্মল কান্তি তালুকদার।
ওরিয়েন্টেশন কোর্সে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিওচিত্রের মাধ্যমে খুলনা সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
খুলনা সিটি করপোরেশনের সচিব আরিফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি, বাজেট কাম একাউন্টস অফিসার মনিরুজ্জামান, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আনিছুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান, শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, বাজার সুপারিন্টেনডেন্ট শেখ শফিকুল ইসলাম দিদার, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. সেলিমুল আজাদ, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো. ইমরুল হাসান, কর নির্ধারক মো. নাজমুল হক মুকুল এবং নিরাপত্তা সুপার আলমগীর কবীর বিশ্বাস।




















