ইউএনওর সভাপতিত্বে উপজেলা পরিষদে সভা
লাখাইয়ে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ সভা

লাখাইয়ে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার ও সংশ্লিষ্টদের অবহিতকরণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্যানেলভুক্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলভুক্তি সংক্রান্ত বিষয় এবং আইটি সাপোর্টেড পোস্টাল ভোট প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ সভায় উপস্থিত ছিলেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিবসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।




















