ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
লাখাইয়ে অবৈধ মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

লাখাইয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জব্দ করা তিনটি ট্রাক্টরের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার লাখাই উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মালিকবিহীন অবস্থায় তিনটি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। পরবর্তীতে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ট্রাক্টর মালিক হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের ছুরুক মিয়ার পুত্র মো. রিপন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন এএসআই প্রদীপ সূত্রধরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




















