হবিগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে গভীর রাতে অভিযান
লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সির নেতৃত্বে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে মোড়াকরি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, অনু মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (৩০), আইদর আলীর ছেলে আক্তার আলী (৪৫) এবং মৃত হাসু মিয়ার ছেলে তিতু মিয়া (৪২)।
পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর মোড়াকরি গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১০টি ফিকল বাঁশের চুকানো লাঠি, ১১০টি লোহার কোচা, ৪টি লোহার শাবল, ৬টি কুড়াল এবং ৪টি দা।
গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
























