প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে জানুয়ারিতে

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আরও জোরদার হতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে আলোচনায়।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় নতুন বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ অনুসন্ধান করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানো প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে।
এছাড়া পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে লিভার ও কিডনি প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা সেবার জন্য বাংলাদেশি রোগীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি। প্রতিস্থাপন–সংক্রান্ত চিকিৎসা ও প্রশিক্ষণে একাডেমিক সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন হাইকমিশনার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ, সাংস্কৃতিক ও শিক্ষামূলক আদান–প্রদারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, পাকিস্তানের হাইকমিশনারের দায়িত্বকালীন সময়ে উভয় দেশ বিনিয়োগ ও যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করবে।























