খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য মিলন মেলা
কেএনএম প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর খুলনা

খুলনায় নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (কেএনএম) পরিবারের উদ্যোগে দুই দিনব্যাপী কেএনএম পরিবার মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ ডিসেম্বর স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই মিলন মেলায় ১৯৭৪ সালের এইচএসসি ব্যাচ থেকে শুরু করে ১৯৯৪ ব্যাচসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ইউরোপ, আমেরিকা, লন্ডন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দঘন পরিবেশে সময় কাটান।
মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদুর রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহ্বায়ক ঢাকা ও খুলনা যৌথভাবে মো. সফিউল্লাহ ও শেখ শাহিনুল ইসলাম পাখী, সদস্য সচিব বাচ্চু হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা।
পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আড্ডা, স্মৃতিচারণ ও গ্রুপ ছবি তোলার মাধ্যমে অংশগ্রহণকারীরা পুরোনো দিনের স্মৃতি নতুন করে উপভোগ করেন। আয়োজক কমিটি ও ৯৪ ব্যাচের উদ্যোগে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে খুলনা ও দেশের বিভিন্ন জেলার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
এর আগে, ২৫ ডিসেম্বর সকাল ১১টায় মিলন মেলার টি-শার্ট বিতরণ করা হয়। দুপুর ৩টায় প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নিউজপ্রিন্ট মিলস গেট থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস মোড়, পৌরসভা মোড় ও খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।




















