শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট
সর্বশেষ
আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

বৈশ্বিক তেল সরবরাহে বড় ঝুঁকির আশঙ্কা

আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য: হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক নৌ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের সামুদ্রিক যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর কিছুটা স্থিতিশীলতার আশা তৈরি হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান-ওয়াশিংটন সম্পর্ক ঘিরে।শনিবার (২০ জুন) ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে এ সিদ্ধান্তের কথা জানায়।ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে দাবি করে, যুক্তরাষ্ট্র তেহরান-ওয়াশিংটন যুদ্ধ-পরবর্তী সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক কার্যক্রমকেও যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের বড় অংশ পরিবাহিত হয়। ফলে এই প্রণালি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইরানের এ ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশের সমর্থন ও ভালোবাসাকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

রাষ্ট্রদূতের আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ / বাংলাদেশের সমর্থন ও ভালোবাসাকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক সমর্থন ও ভালোবাসাকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এ আগ্রহের কথা জানিয়েছেন।শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখা যায়, তা অনন্য। তিনি এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও বৃহৎ পরিসরে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।এ সময় তিনি দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।আইজিপি আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের ফুটবলপ্রেম ও আর্জেন্টিনার প্রতি মানুষের আবেগ বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি: ডা. শফিকুর রহমান

নতুন বিপ্লবের প্রস্তুতি নিতে হবে / বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।রোববার (৩০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি নিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতির স্বার্থে আমরা বিএনপিকে বলেছি, ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন এবং জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কী হতে পারে, তা দফায় দফায় দেখার পরও যদি শিক্ষা না হয়, জীবনেও তাদের শিক্ষা হবে না।তিনি আরও বলেন, আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো পরিবার বা গোষ্ঠীকে তোষামোদ করার জন্য নয়। এটি হবে স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাবান রাষ্ট্র গড়ার বিপ্লব।সমাবেশে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং যুব সমাজকে সেই লক্ষ্যে প্রস্তুত হওয়ার অনুরোধ করেন। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।

নারায়ণপুরে পদ্মার চর নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার

দ্রুত নদীশাসনের দাবি স্থানীয়দের / নারায়ণপুরে পদ্মার চর নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে শতাধিক পরিবার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মার চর নদীর তীব্র ভাঙনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অব্যাহত ভাঙনের কারণে কৃষিজমি, গাছপালা ও বসতভিটা হুমকির মুখে পড়েছে।সরেজমিনে দেখা যায়, নদীর তীব্র স্রোতে তীরবর্তী এলাকার বিস্তীর্ণ অংশ দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একাধিক স্থানে নদীতীর ধসে পড়ছে এবং ইতোমধ্যে অনেক ফসলি জমি নদীতে হারিয়ে গেছে।স্থানীয়রা জানান, গত কয়েক সপ্তাহ ধরে ভাঙনের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে শতাধিক পরিবার বসতভিটার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, ভাঙনরোধে এখনো কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত নদীশাসন ও তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন না হলে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।স্থানীয় কৃষকরা বলেন, বছরের পর বছর নদীভাঙনের কারণে তারা জমি হারাচ্ছেন এবং বারবার বসতভিটা স্থানান্তর করতে বাধ্য হচ্ছেন। এবারও ভাঙনের তীব্রতা অব্যাহত থাকলে নতুন করে মানবিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ভাঙনপ্রবণ এলাকায় দ্রুত জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নারায়ণপুর এলাকার আরও বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

নেইমার ছাড়াই বিশ্বকাপ লড়াই: ব্রাজিলের বড় সিদ্ধান্তে চমক

ফিফা বিশ্বকাপ ২০২৬ / নেইমার ছাড়াই বিশ্বকাপ লড়াই: ব্রাজিলের বড় সিদ্ধান্তে চমক

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের বিশ্বকাপ অভিষেক আবারও পিছিয়ে গেল। ডান পায়ের কাফ ইনজুরির কারণে তিনি হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারছেন না।ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) জানিয়েছে, নেইমার দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না। তিনি নিউ জার্সিতেই থেকে পুনর্বাসনের শেষ ধাপ সম্পন্ন করবেন।দলের বিবৃতিতে বলা হয়েছে, নিউ জার্সির দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের সুবিধা ব্যবহার করে তাঁর চিকিৎসা ও পুনরুদ্ধার প্রক্রিয়া চালানো হবে। মেডিকেল স্টাফরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না।বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইনজুরিতে ভুগছেন নেইমার। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি খেলেননি। আংশিক অনুশীলনে ফিরলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন।শুরুতে ধারণা করা হয়েছিল, হাইতির বিপক্ষে তিনি অন্তত বেঞ্চে থাকতে পারেন। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়।এটি নেইমারের বিশ্বকাপ যাত্রায় আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁর খেলা নিয়েও এখন অনিশ্চয়তা রয়েছে। এদিকে ব্রাজিল মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। বাংলাদেশ সময় শনিবার সকালে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে দলটি। তবে সেই ম্যাচেও সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে।

ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তার খবর সম্পূর্ণ মিথ্যা: নায়িকার দাবি

গুলশান অভিযান ঘিরে গুজব ছড়ানোর অভিযোগ / ববির বাসা থেকে প্রযোজক গ্রেপ্তার খবর সম্পূর্ণ মিথ্যা: নায়িকার দাবি

রাজধানীর গুলশান থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাকে চিত্রনায়িকা ববির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নায়িকা ববি।গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকা মির্জা আবুল বাশার মামুনের অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান।পুলিশ জানায়, প্রথমে বাসায় তাকে পাওয়া না গেলেও পরে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।গ্রেপ্তারের পর বিভিন্ন গণমাধ্যমে তাকে নায়িকা ববির ‘কথিত স্বামী’ উল্লেখ করে খবর প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।ববি বলেন, যে স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমার কোনো বাসা নেই। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্কও নেই। আমার নাম জড়িয়ে যে খবর প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।এদিকে গ্রেপ্তারের আগে একটি ভিডিওতে মির্জা আবুল বাশার মামুন নিজেও নায়িকা ববির সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, তার সঙ্গে ববির কোনো পারিবারিক বা ব্যবসায়িক সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগ রয়েছে এবং বর্তমানে তাকে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !