জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনের নয়। তিনি জানান, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছে, ফলে নির্বাচন কমিশনও এ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণ করছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন আরও জানান, “আশা করছি, মার্চ মাসের দুই তারিখের মধ্যে ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমরা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে এখনও নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং নির্বাচনী প্রস্তুতির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচনের সময়সূচী নির্ধারণ করবে। এছাড়া, নির্বাচন কমিশন সংস্কারসহ অন্যান্য কমিশনের রিপোর্ট হাতে পেলেই নির্বাচনের নির্ধারিত সময় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এদিন, সিইসি কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন। এতে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার সভাপতিত্ব করেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেস) মেজর মো. মামুনুর রশিদসহ অন্যান্য সিনিয়র নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























