হ্যাকারদের চাঁদা দাবিতে নির্বাহীদের ইমেইল, গুগলের নতুন সতর্কবার্তা

বিশ্বের বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সম্প্রতি হুমকিমূলক ইমেইল পাঠিয়ে চাঁদা দাবি করছে একদল হ্যাকার। প্রযুক্তি জায়ান্ট গুগলের তথ্য অনুযায়ী, ‘ক্লপ (Clop)’ নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে যে, তারা ওরাকলের ব্যবসায়িক সফটওয়্যার থেকে গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নিয়েছে।
ক্লপ হ্যাকাররা নিজেদের একটি কুখ্যাত র্যানসমওয়্যার দলের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিচ্ছে। তারা নির্বাহীদের সতর্ক করে বলছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ না দিলে চুরি করা সংবেদনশীল তথ্য ফাঁস করে দেওয়া হবে।
গুগল জানিয়েছে, এখনো পর্যন্ত এসব দাবির সত্যতা যাচাই করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে নেই। তবে কোম্পানিটি সতর্ক করেছে যে, এই ধরনের হুমকিমূলক ইমেইল প্রচারণা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এর লক্ষ্যবস্তু হয়েছেন।
এ বিষয়ে ওরাকল বা ক্লপের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি কর্পোরেট বিশ্বে নতুন করে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ কার্যক্রমে ওরাকলের সফটওয়্যারের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোম্পানিগুলোকে এখনই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সতর্ক থাকতে হবে।


























